ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরের ঢেউয়ে উদীচীর গান-নৃত্য, জমে উঠল সাংস্কৃতিক উৎসব

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ দুপুর ১২:১৭
ad003
নেত্রকোণার মোহনগঞ্জে ডিঙাপোতা হাওরের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে গান, নৃত্য আর আনন্দ-উচ্ছ্বাসে দিন কাটালেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য ও শিল্পী। প্রকৃতির সান্নিধ্যে সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করতে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী হাওর ভ্রমণ উৎসব।

সম্প্রতি মোহনগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করে উদীচীর সদস্যরা উপজেলার তেতুলিয়া গ্রামে পৌঁছান। সেখান থেকে দুটি ট্রলারে করে ডিঙাপোতা হাওরের বুক চিড়ে জৈনপুর গ্রামের বেতাই নদীর তীরে অবস্থিত বাউল সাধক উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্রে যান তারা।

সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছানোর পর শুরু হয় মূল আয়োজন। হাওরের অপার সৌন্দর্য আর খোলা প্রকৃতির মাঝে উদীচীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এতে সংগঠনের শিশু শিল্পীরাও অংশ নেয়। তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে হাওরের নীরব প্রকৃতি। গান, নৃত্য ও আনন্দ-উচ্ছ্বাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দিনভর এ আয়োজনে অংশ নেওয়া সদস্যদের জন্য পরে দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়। প্রকৃতির মাঝে এমন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন উপস্থিত সবাই।

উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায় ও স্মরণ তালুকদার।

এ ছাড়া সাংবাদিক আবুল কাসেম আজাদ, কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েলসহ উদীচীর অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন।

আয়োজকেরা জানান, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা এবং সাংস্কৃতিক চর্চাকে প্রাণবন্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT