গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র্যাব-১ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে প্রায় ১১ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জানতে পারে, শেরপুর থেকে একটি মিনি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ মাদক গাজীপুরের দিকে আনা হচ্ছে। পরে ভবানীপুর বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটির গতিরোধ করে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যান থেকে ৪২৯ বোতলে মোট ২৭৭ দশমিক ৫ লিটার অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলার সুমন আহমেদ (২৮) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত দুইজন ব্যক্তিসহ উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে এ পর্যন্ত এখনো কোনো আসামি বা উদ্ধার করা আলামত থানায় হস্তান্তর করা হয়নি। আসামি ও আলামত থানায় হস্তান্তর করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।