ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

author
জাহিদ হাসান

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫৮
ad003
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডনকে গ্রেফতার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

কামরুল হাসান তালুকদার জানান বিমানবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশের সদস্যরা অভিনেতা ডনকে আটক করেন। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটির তদন্ত করছে সিআইডি।

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনাকে হত্যা হিসেবে আমলে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন আদালত।

ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।

এর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে একাধিক সংস্থা তদন্ত করে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে। তবে ওই প্রতিবেদন নিয়ে সালমান শাহর পরিবার ও ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করে আসা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা চললেও নতুন করে হত্যা মামলা দায়ের এবং সিআইডির তদন্ত শুরুর পর বিষয়টি আবারও আলোচনায় আসে।

অভিনেতা ডনকে গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের। 

মামলার তদন্তের অগ্রগতি ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে সিআইডির কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT