ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ছাত্রদল নেতা আফসানের

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৯
ad003
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বান্দরবানের লামা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার উদ্যোগে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

বিএনপি চেয়ারম্যান ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও নিজ নিজ বাড়িতে তা রোপণের প্রত্যয় ব্যক্ত করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজšে§র মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ প্রয়াস। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর মাধ্যম। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও লাভবান হবে। একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT