এসএসসি পরীক্ষায় কোটচাঁদপুরে সাফল্য অর্জন করেছেন জমজ দুই ভাই তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ। তারা জমজ দুই ভাই ১০ আগষ্ট প্রকাশিত দেশের সবথেকে বড় পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। পরীক্ষায় মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে তাছলিম আহমেদ পেয়েছেন ১ হাজার ১৯৫ নম্বর। যা কোটচাঁদপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব। তাঁর জমজ ভাই তাওফিক আহমেদ পেয়েছেন ১ হাজার ১৮০ নম্বর। দুই ভাইয়ের নম্বরের ব্যবধান মাত্র ১৫।
তাছলিম ও তাওফিক কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা কোটচাঁদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ ও কোটচাঁদপুর বাজে বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা দম্পতির জমজ সন্তান। তাদের এমন সাফল্যে শিক্ষক, বাবা-মা, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও তাঁরা দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছেন।
তাদের বাবা ফারুক আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং দুই ছেলের অধ্যবসায়ের ফলেই আজকের এই সফলতা এসেছে। তারা যেন এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।
তাছলিম আহমেদ বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ। সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমাদের এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও ভালো কিছু করার জন্য সবার দোয়া চাই।
কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, তাছলিম ও তাওফিক জমজ দুই ভাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষায় তারা পারদর্শী। তারা আমার বিদ্যালয়ের সাতজন ক্ষুদে বিজ্ঞানীর মধ্যে দুজন। ওই সাত শিক্ষার্থী নাসায় গবেষণামূলক একটি প্রতিবেদন পাঠিয়ে দেশের মধ্যে দশম গ্রেডে প্রথম হয়েছিল। দুই ভাইয়ের এমন সাফল্যে আমরা গর্বিত।