ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার কসবা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজা জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কসবা বিওপির টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ১০০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।