গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট আবুল কালাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আমবাগান এলাকায় মর্মস্পর্শী এঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
মৃতের স্বজনরা ও স্থানীয়রা জানান, জমিতে সেচ দিতে সেচপাম্পটি চালু করা হয়।কিন্তু এতে পানি না ওঠায় কল চেপে পানি তোলার চেষ্টা করেন আবুল কালাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষবস্থায় উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাটি সম্পর্কে আমার কিছু জানা নেই বা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ কিংবা তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।