নেত্রকোণার কেন্দুয়ায় মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব কার্যালয়ে আয়োজিত ‘আমরা আলোর পথযাত্রী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর বরণ উপলক্ষে কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও সানজিদা চৌধুরী বলেন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের বড় বাধা। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কেন্দুয়ার রয়েছে সমৃদ্ধ লোকজ সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য। সাংবাদিকদের লেখনী ও সংবাদ পরিবেশনের মাধ্যমে এ অঞ্চলের লোকজ সাহিত্য,সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।
মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি চারন সাংবাদিক সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা। তিনি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের নির্ভীক ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর হাতে মানপত্র ও ক্রেস্ট এবং বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় গণ-মাধ্যম কর্মী, নেতৃবৃন্দ ও লোকজ সাহিত্য, সংস্কৃতির কর্মীরা উপস্থিত ছিলেন।