ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে মাঠে বোমা সদৃশ প্রেসার কুকার, নিরাপদ বিস্ফোরণে নিষ্ক্রিয়

author
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ সকাল ১১:৫১
ad003
সাভারের একটি মাঠে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করেন।

আজ বুধবার সকালে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে ড্রামটির ভেতরে কাপড়চোপড়, কোরআন শরীফ ও একটি প্রেসার কুকার দেখতে পান তাঁরা। স্থানীয়দের দাবি, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মাঠে রেখে যায়।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রামটি ঘিরে রাখেন। প্রেসার কুকারটি বোমা সদৃশ হওয়ায় বিষয়টি বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়। পরে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিকেল পৌনে চারটার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা প্রেসার কুকারটি নিরাপদ বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। এ সময় আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রেসার কুকারটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT