হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ।
এ দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গলের ভুক্তভোগী যাত্রী ও সাধারণ মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগীত শিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হবিগঞ্জ-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ জনপদ শ্রীমঙ্গল থেকে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক হবিগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শ্রীমঙ্গল হতে হবিগঞ্জ ও হবিগঞ্জ হতে শ্রীমঙ্গলে আসা যাত্রী ও পর্যটকরা।
তিনি বলেন, পরিবহন মালিক বা সংশ্লিষ্টদের ব্যবসায়িক বিরোধের প্রভাব কোনোভাবেই সাধারণ যাত্রীদের ওপর পড়া উচিত নয়। বর্তমানে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে একাধিক বাস পরিবর্তন করে গন্তব্যে যেতে হচ্ছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি পর্যটননগরী হিসেবে শ্রীমঙ্গলের যোগাযোগব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো ও নামানোর ব্যবস্থা দ্রুত পুনর্বহাল করা। কোনো ধরনের পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা; এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সমস্যাটির স্থায়ী সমাধানের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি সাধারণ যাত্রীদের ন্যায্য অধিকার ও জনস্বার্থের দাবি। পরিবহন সংশ্লিষ্টদের বিরোধ দ্রুত নিষ্পত্তি করে শ্রীমঙ্গলবাসীর স্বাভাবিক ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শ্রীমঙ্গলের হাজারো মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসানে দ্রুত বাস সার্ভিসটি পুনরায় চালু হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী যাত্রী ও সাধারণ মানুষের পক্ষে তারেক ইকবাল চৌধুরী।