গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনাও দেন তিনি।
পরে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্যে পুলিশ সুপার শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা রক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রয়োজনীয় করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) মোহাম্মদ সাইফুর রহমান।
অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার স্বীকৃতি হিসেবে মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ ওসি আবব্দুল আল মামুন সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল, ওয়ারেন্ট তামিল এবং দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
কল্যাণসভা শেষে বদলিজনিত কারণে বিদায়ী সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) মোহাম্মদ সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার)সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।