নাটোরের নলডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে নুহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের পূর্ব পাটুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুহাদ (০৫) উপজেলার পাটুল পূর্বপাড়া গ্রামের জাকির বাগেরের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার পাটুল পূর্বপাড়া গ্রামের নুহাদ প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।এদিন ভোরে ঘুমন্ত অবস্থায় নুহাদকে একটি কার্লস নামের বিষধর সাপ কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান। পরে তারা সাপটি মেরে ফেলেন।
এদিকে শিশুটিকে সাপ কামড়ানোর বিষয়টি বুঝতে পারলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।