ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চসিক মেয়র শাহাদাতের প্রথম বাজেট ২ হাজার কোটি টাকার

author
Editor

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫ সন্ধ্যা ৮:৫৬
ad003
চট্টগ্রাম ব্যুরো 

দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট ঘোষণা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকা। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করেন মেয়র।

সোমবার (২৩ জুন) চট্টগ্রাম মহানগরের থিয়েটার ইনস্টিটিউটে নতুন বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। 

প্রথম বাজেটে মেয়র শাহাদাত আগামী অর্থবছরের জন্য চারটি সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছেন। এগুলো হচ্ছে- সিটি কর্পোরেশনে চলমান নিয়োগ কার্যক্রম স¤পাদন, দক্ষ জনবল গড়ার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা। বর্তমান কাজের পরিধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন জনবল সাংগঠনিক কাঠামো প্রণয়ন করে অনুমোদনের ব্যবস্থা করা। বিভিন্ন সেবা কার্যক্রমসহ সিটি কর্পোরেশনের কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

পর্যালোচনায় দেখা গেছে, মোট বাজেটের অর্ধেকের সমপরিমাণ ১ হাজার ৪৫ কোটি ২১ লাখ টাকা নিজস্ব উৎস থেকে আয় করার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্ধেক ১ হাজার ৯২ কোটি ৫ লাখ টাকা সরকারি অনুদান প্রত্যাশা করা হয়েছে। ব্যয় নির্ধারিত হয়েছে পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন, স্থায়ী স¤পদ, দেনা পরিশোধসহ বিভিন্ন খাতে মোট ২,১০৬ কোটি টাকা। বাজেটে কোন ঘাটতি নেই, বরং ৩৯ কোটি ৪২ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

চসিক মেয়র জানান, যথাযথ উদ্যোগ গ্রহণ করা হলে চসিকের রাজস্ব আয় বহুগুণে বৃদ্ধি পাবে। ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে। বর্তমানে চসিক এলাকায় ২ লাখ ১৪ হাজার ৬৭৩টি হোল্ডিং এবং ১ লাখ ২৬ হাজার ৮৩৪টি ট্রেড লাইসেন্স রয়েছে। কর ও লাইসেন্স ব্যবস্থাপনা ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়েছে, যা রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনছে।

বাজেটে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে বেতন-ভাতা খাতে ব্যয় ৩৩৯ কোটি ৩০ লাখ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ১ হাজার ১৪৫ কোটি টাকা। দেনা পরিশোধের জন্য ১৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

ডা. মো. শাহাদাত বলেন, দায়িত্ব গ্রহণের সময় মোট ৫৯৬ কোটি টাকা দেনা ছিল। গত ৮ মাসে ধারাবাহিকভাবে পরিশোধের পর এখন করপোরেশনের দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন সহায়তা বরাদ্দ খাতে ৬৫ কোটি ৭৬ লাখ টাকা এবং বিশ্ব ব্যাংকের কোভিড-১৯ সহায়তা বাবদ প্রায় ৬০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আয়কর বাবদ ৩৪ কোটি ৪৬ লাখ টাকা, ভ্যাট বাবদ ৩৮ কোটি ১৬ লাখ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক ও ভবিষ্যত তহবিল বাবদ যথাক্রমে ১৯ কোটি ১৮ লাখ ও ২৭ কোটি ৮৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। প্রতি মাসে ৪০০ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আনুতোষিক প্রদান অব্যাহত রয়েছে।'

বাজেটে চট্টগ্রাম মহানগরীর বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সর্বশেষ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৩ কোটি টাকা। সে তুলনায় আরেকটি সমস্যা মশা নিধনে বরাদ্দ একেবারে কম ধরা হয়েছে। মশা নিধনে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৯ কোটি টাকা। আগের অর্থবছরে বরাদ্দ ছিল ৮ কোটি টাকা। 

জলাবদ্ধতা নিরসনে এ পর্যন্ত চসিকের কার্যক্রম তুলে ধরে মেয়র বলেন, ১৯টি খাল থেকে ১০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ৪১ লাখ ঘনফুট মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে। নালা-নর্দমা পরিষ্কারে ৫ কোটি টাকা ব্যয়ে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বর্ষায় আরও ২০০টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

জলাবদ্ধতা নিরসনে নৌবাহিনীকে দিয়ে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আগ্রাবাদ বক্স কালভার্ট পরিষ্কার করা হচ্ছে বলে জানান মেয়র। তিনি বলেন, চলতি মৌসুমে অতিবৃষ্টিতেও জিইসি, বহদ্দারহাট, চকবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো তলিয়ে যায়নি। আর মশক নিধনে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে, যা মশার প্রজনন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

মেয়র বলেন, আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য দক্ষিণ পাহাড়তলীতে ১০ একর জমি কেনা হয়েছে এবং একই সঙ্গে কুলগাঁও এলাকায় বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের কাজও এগিয়ে চলছে। চসিক প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে পুনরায় চসিকের অধীনে আনা হয়েছে এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, চসিকের প্রসারমান কার্যক্রমের জন্য পূর্ণাঙ্গ জনবল কাঠামো অনুমোদনের আবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। সিটিজেন চার্টার প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে নগরবাসী সেবার ধরন, সময়সীমা ও প্রক্রিয়া স¤পর্কে সু¯পষ্ট ধারণা পান। এছাড়া চাকরি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে চসিক নিজস্ব জব পোর্টাল চালু করেছে। প্রথম ধাপে ২২টি পদে ১২৩ জন নিয়োগের বিজ্ঞপ্তিতে ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট পর্যালোচনায় দেখা গেছে, বাজেট বাস্তবায়নের হার ৬১ দশমিক ৬৬ শতাংশ। এর পরিমাণ ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা। আর মূল বাজেট ছিল ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকা।

বাজেট বক্তব্যের শুরুতে মেয়র শাহাদাত হোসেন বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতনের পর মাননীয় আদালত কর্তৃক সুবিচারপ্রাপ্ত হয়ে মেয়র পদে দায়িত্ব পালন করছি। তাই নগরবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা এবং মহানগরীকে ক্লিন-গ্রিন, হেলদি ও সেফ সিটি, আধুনিক প্রযুক্তিস¤পন্ন ও অর্থনৈতিকভাবে বাসযোগ্য নান্দনিক পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি দৃঢ়প্রতিজ্ঞ।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী পালিয়ে যান। এরপর গত বছরের নভেম্বরে আদালতের আদেশে মেয়রের দায়িত্ব নেন বিএনপি নেতা শাহাদাত হোসেন, যিনি ২০২১ সালে চসিক নির্বাচনে রেজাউলের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT