ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি কাটাতে গিয়ে বিয়ে করে ফেললেন তনুশ্রী !

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৯
ad003
আমেরিকার লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়ে ভক্তদের চমকে দিয়ে সেখানেই চুপিসারে বিয়ে করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তনুশ্রীর বর বাঙালি, নাম সুজিত বসু। পেশায় টেকনোলজিস্ট। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন।

এমনকি বিয়েটা তনুশ্রীর নিজের জন্যও এক সারপ্রাইজ! সুজিতের সঙ্গে ছুটি কাটাতে লাস ভেগাসে গিয়েছিলেন তিনি। অন্যদিকে, সুজিত আগে থেকেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন। তারপর বাবা-মাকে ভিডিও কলে রেখে বিয়েটা সেরে ফেললেন তারা।

অভিনেত্রীর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিয়েতে তনুশ্রী পরেছিলেন হোয়াইট গাউন। হাতে মেহেদি। সঙ্গে হিরের গয়না। অন্যদিকে, বর সুজিতের ছিল সাহেবি সাজ। কালো স্যুটে দেখা যায় তাকে। জানা যায়, নায়িকা বউকে সুজিত প্রস্তাব দিয়েছিলেন একটি হিরের আংটি দিয়ে। এদিকে, বরের জন্য তনুশ্রী আবার ট্রিপ প্ল্যান করেছেন ফ্লোরিডাতে।

বিয়ে নিয়ে তনুশ্রী বলেন, ‘পাঁচ মাসেই আমরা একে-অপরের খুব কাছে চলে এসেছি। দেশে ফিরে বিয়ে করব ভেবেছিলাম। তবে এখানেই যে বিয়েটা হয়ে যাবে ভাবিনি। ও আমার কাজকে খুব সম্মান করে, যেটা আমার কাছে অন্যতম ভালোলাগার জায়গা।’

অভিনেত্রী জানান, আপাতত তিনি দুই দেশেই থাকবেন। অভিনয় ছাড়ছেন না। বরং দুই দেশেই থাকবেন সুবিধামতো। ভক্তরা এখন অপেক্ষা করছেন যে, ভারতে ফিরে কবে হবে এই নবদম্পতির রিসেপশন আয়োজন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও হেরে যান। তারপর থেকে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাকে। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তনুশ্রীর নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’। যদিও সিনেমাটির প্রদর্শনীতে তাকে কলকাতায় দেখা যায়নি। কেন তিনি ছিলেন না, এবার অবশ্য তা সবার কাছেই স্পষ্ট।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT