ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি হবে জনমানুষের স্বার্থে : আখতার হোসেন

author
Editor

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৫ সকাল ১০:০১
ad003
যাযাদি ডেস্ক 

‘আমরা এমন একটি রাজনীতি গড়তে চাই, যেখানে সন্ত্রাস বা অর্থের প্রভাব থাকবে না। রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে। রবিবার (৬ জুলাই) সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে এনসিপির নেতা–কর্মীরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন।

আখতার হোসেন বলেন, ‘ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু পেশিশক্তি বা অন্তর্দ্বন্দ্বের রাজনীতির কোনো জায়গা আমাদের মধ্যে নেই।’

আখতার হোসেন বলেন, ‘নওগাঁয় এনসিপির সমন্বয় কমিটি গঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। আমরা আশাবাদী, এই অঞ্চল থেকে সাংগঠনিক শক্তি নিয়েই আমরা সামনে এগোব।

আখতার হোসেন বলেন, ‘গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁয় আসি, তখন জনমানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কিন্তু নওগাঁ শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে, আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে।

এখানকার অবকাঠামোগত উন্নয়ন জরুরি।’

তিনি বলেন, ‘বেকারত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, নওগাঁ এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে।’

এনসিপির ডাকে নওগাঁবাসীর সাড়া পাওয়ার কথাও তুলে ধরেন আখতার হোসেন। তিনি বলেন, ‘এনসিপি শুধু তরুণদের দল—এই ধারণা নওগাঁয় এসে আমাদের ভেঙে গেছে।

প্রবীণ, মধ্যবয়সী, নারী-পুরুষনির্বিশেষে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের কাছে এসেছেন, এটা আমাদের খুশি করেছে।’
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
JJD_Online

JJD_Online

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT